ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

D
Dristy TV
কক্সবাজার প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, দুপুর ০১:৫৩
ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

দৃষ্টি ডেস্ক:

মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে অসতর্কতা ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভালোভাবে যাচাই-বাছাই না করে কোনো অ্যাপ ইনস্টল করা হলে তা ব্যক্তিগত তথ্য চুরি কিংবা গোপন নজরদারির কারণ হতে পারে। বর্তমানে ভুয়া ও প্রতারণামূলক অ্যাপের সংখ্যা দ্রুত বাড়ছে। এসব অ্যাপ অনেক সময় ব্যবহারকারীর অজান্তেই মোবাইল ফোনে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বা আর্থিক ক্ষতির কারণ হয়।

বিশেষজ্ঞদের মতে, গুগল প্লে স্টাের কিংবা অ্যাপল অ্যাপ স্টোর এই দুই অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ডাউনলোড করলেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয় না। কারণ প্রতারক চক্র অনেক সময় জনপ্রিয় অ্যাপের নাম ও আইকন নকল করে ভুয়া অ্যাপ তৈরি করে থাকে।

তথ্য অনুযায়ী, অ্যাপ স্টোরগুলোতে বিপুল সংখ্যক অ্যাপ রয়েছে- অ্যাপল অ্যাপ স্টোরে প্রায় ২০ লাখ এবং গুগল প্লে স্টোরে প্রায় ৩০ লাখ অ্যাপ। এত বিশাল সংখ্যার মধ্যে ভুয়া বা ক্ষতিকর অ্যাপ শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

গবেষকদের সাম্প্রতিক অনুসন্ধানে ২০টিরও বেশি সন্দেহজনক অ্যাপ শনাক্ত হয়েছে, যেগুলোর মধ্যে অন্তত ৯টি ভুয়া ডিজিটাল ওয়ালেট অ্যাপ রয়েছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি করে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট!

দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়-

১. প্যানকেক সোয়্যাপ, ২. সুয়েত ওয়ালেট, ৩. হাইপারলিকুইড, ৪. রেইডিয়াম, ৫. বুলএক্স ক্রিপ্টো, ৬. ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, ৭. মিটিওরা এক্সচেঞ্জ, ৮. সুশিসোয়্যাপ, ৯. হার্ভেস্ট ফিনান্স ব্লগ ইত্যাদি।

এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়।

এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে।

একই বিষয়ের আরও খবর