আইন-আদালত

মধুপুরে ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ

মধুপুরে ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত করাতকলের বিরুদ্ধে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। অভিযানে ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ, একজনকে ৩ হাজার টাকা অর্থদ- এবং বিপুল পরিমাণ করাতকলের যন্ত্রপাতি জব্দ করা হয়। সোমবার (২১ জুলাই) টাঙ্গাইল বন বিভাগের মধুপুর রেঞ্জের চাড়ালজানি বিট ও মহিষমারা বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মধুপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দিন। টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক ও মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা জাহান, ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম, রেঞ্জার ফয়সাল হোসেনসহ বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারীরা অভিযান চালানোকালে উপস্থিত ছিলেন। বন বিভাগ সূত্রে জানা যায়, মহিষমারা বিটের আওতায় কুড়ালিয়া ইউনিয়নের লাউফুলা বাজার সংলগ্ন এলাকা এবং কেওটাই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে একাধিক করাতকল চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ৬টি অবৈধ করাতকল চিহ্নিত করে উচ্ছেদ করা হয়। এর মধ্যে লাউফুলা বাজার এলাকায় পিন্টু ও হাসান আলীর মালিকানাধীন দুটি করাতকলসহ আরও কয়েকটি এবং কেওটাই এলাকায় পরিচালিত অবৈধ করাতকলগুলো ভেঙে দেওয়া হয়। অভিযান চলাকালে কেওটাই এলাকার মো. লিটন মিয়া অবৈধ করাতকল পরিচালনার দায় স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। এ সময় করাতকল পরিচালনায় ব্যবহৃত ৫টি জেনারেটর চালিত ইঞ্জিন, করাতের চেইন, হুইল, প্লেটসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। টাঙ্গাইল বন বিভাগের ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম জানান, বনাঞ্চল সংলগ্ন এলাকায় অবৈধ করাতকল পরিচালনার মাধ্যমে বনজ সম্পদ পাচার ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

২১ জুলাই ২০২৬

মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

দৃষ্টি রিপোর্ট: দেশের অন্য নয়টি জেলার সাথে টাঙ্গাইলেও লিগ্যাল এইড আইনের সংশোধিত বিধান অনুযায়ী কতিপয় ক্ষেত্রে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান টাঙ্গাইলসহ দেশের দশটি জেলায় একসঙ্গে ভার্চুয়ালী এই মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। অন্য জেলাগুলো হচ্ছে- বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার ও পঞ্চগড়। এ উপলক্ষে টাঙ্গাইল জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন, টাঙ্গাইলের চীফ লিগ্যাল এইড অফিসার তানজিনা চৌধুরী। এ সময় টাঙ্গাইলের শিশু সংহিতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ (জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক মো. মোশাররফ হোসাইন (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাবি্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ, টাঙ্গাইলের স্পেশাল মেডিয়েটর কে এম শহীদ আহাম্মেদ (সাবেক জেলা ও দায়রা জজ) এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো. মিনহাজ উদ্দিন ফরাজিসহ বিভিন্ন আদালতের বিচাররা উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলমসহ লিগ্যাল এইডের তালিকাভুক্ত আইনজীবীরা এতে অংশ নেন। যে সকল বিষয়ে আদালতে মামলা করার আগে অবশ্যই লিগ্যাল এইডে মধ্যস্থতার জন্য যেতে হবে সেগুলো হচ্ছে- পারিবারিক বিরোধ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ, সম্পত্তি বন্টন, অগ্রক্রয় ও পিতা-মাতার ভরণপোষন সংক্রান্ত বিরোধ এবং যৌতুক সম্পর্কিত অভিযোগ। সংশোধিত বিধান অনুযায়ী এসব বিষয়ে লিগ্যাল এইডে মধ্যস্থতা না হলে পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে মামলা করা যাবে।

২১ জুলাই ২০২৬

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে এক আসামির ১০ বছর কারাদণ্ড

টাঙ্গাইলে জাল টাকা লেনদেনের দায়ে এক আসামির ১০ বছর কারাদণ্ড

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে জাল বা নকল টাকা লেনদেন করায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ওয়াজ উদ্দিন নামে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক(জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান ওই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ওয়াজ উদ্দিন(৪৮) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুুর গ্রামের আছর উদ্দিনের ছেলে। টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, বিগত ২০২১ সালের ২৭ জুন সকালে ওয়াজ উদ্দিন একটি দোকানে গিয়ে চারটি স্পিড (কোমল পানীয়) কিনে দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে জাল বা নকল মনে হলে দোকানদার উপস্থিত লোক জনকে দেখান। তারাও নোটটি জাল বলে সন্দেহ করেন। সঙ্গে সঙ্গে দেলদুয়ার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওয়াজ উদ্দিনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে আরো চারটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ঘটনায় দেলদুয়ার পশ্চিম পাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদি হয়ে দেলদুয়ার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পুলিশ প্রকাশ্য ও গোপনে তদন্ত শেষে ২০২২ সালের ২ মার্চ আসামি ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয়। টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক(জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান বিচার শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি ওয়াজ উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান তরফদার(খোকন)।

১৩ জুলাই ২০২৬

সংঘবদ্ধ যৌননিগ্রহের দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

সংঘবদ্ধ যৌননিগ্রহের দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলের মধুপুরে এক নারীকে অপহরণ ও সংঘবদ্ধ যৌননিগ্রহের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রধান আসামিকে আরও অতিরিক্ত ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড এবং প্রধান আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আনম ইলিয়াস জনাকীর্ণ আদালতে ওই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- জামালপুর সদর উপজেলার কটারবাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আ. রহিম, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিদের বিপুল অঙ্কের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি আ. রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় (অপহরণ) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ওই আইনের ৯(৩) ধারায় (সংঘবদ্ধ ধর্ষণ বা যৌননিগ্রহ) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রধান আসামির এই অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপরাধে সমানভাবে সহায়তাকারী অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে যৌননিগ্রহের(ধর্ষণের) ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু মামলার নথির বরাত দিয়ে জানান, বিগত ২০২৩ সালের ২২ জুন আসামিরা ভুক্তভোগী ওই নারীকে বিয়ের পাত্র দেখানোর প্রলোভন দেখায়। এরপর তাকে জামালপুর থেকে কৌশলে টাঙ্গাইলের মধুপুরের দোখলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। নির্জন বনের ভেতর নিয়ে প্রথমে প্রধান আসামি আ. রহিম এবং পরবর্তীতে অপর দুই আসামি শফিকুল ও সামছুল ভুক্তভোগীর উপর সংঘবদ্ধভাবে যৌননিগ্রহ(ধর্ষণ করে) চালায়। এই নৃশংস ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন। মধুপুর থানার এসআই আব্দুস সাত্তার ঘটনার তদন্ত শেষে একই বছরের ২৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার ওই রায় প্রদান করেন। রায়ের পর সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী নারী ন্যায়বিচার পেয়েছেন। এটি সমাজে অপরাধ প্রবণতা কমাতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি দৃষ্টান্তমূলক বার্তা দেবে। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু। তিনি জানান, আসামিপক্ষ ন্যায় বিচার পাননি। এ বিষয়ে উচ্চ আদালতে আপীল করা হবে।

০৭ জুলাই ২০২৬

জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

জাসদ নেতা হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

দৃষ্টি নিউজ: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে তিনটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু করে এবং একই বছরের ১১ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করে। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বিস্তারিত শুনানি নিয়ে গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

৩০ জুন ২০২৬

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ

ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কেএম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৩০ জুন) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আ ন ম ইলিয়াস এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি নুরনবী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত মো. নুরনবী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নব ধুলটিয়া (পূর্বপাড়া) গ্রামের আতাউর রহমান ও মোছা. লুৎফা বেগমের ছেলে। নিহত শিশু আরাফ একই এলাকার পুলিশ কর্মকর্তা খন্দকার রাসেলের ছেলে এবং মামলার বাদী মো. নাসির উদ্দিনের নাতি। মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের গাঙ্গাপাড়া এলাকা থেকে শিশু কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন তার চাচা নুরনবী। অপহরণের পর মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শিশুটি নিখোঁজ হওয়ার পর ১১ অক্টোবর তার দাদা মো. নাসির উদ্দিন বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশের অভিযানে নুরনবী আটক হওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা থেকে আরাফের গলিত মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা ২০২৫ সালের ২৭ মে আদালতে নুরনবীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। পরে নুরনবীকে কারাগারে পাঠানো হয়। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, শিশু আরাফকে হত্যার দায়ে পেনাল কোডের ৩০২ ধারায় আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারায় মুক্তিপণের উদ্দেশ্যে শিশুকে অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরাধের আলামত নষ্ট ও লাশ গুম করার অপরাধে পেনাল কোডের ২০১ ধারায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি জানান, আদালত তার রায়ে উল্লেখ করেন- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৫ ধারার বিধান অনুযায়ী আসামির ওপর আরোপিত এই অর্থদণ্ডের সম্পূর্ণ টাকা ভুক্তভোগী মৃত শিশুর (ডিসিস্ট) পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবেন। উক্ত আইনের ১৬ ধারা মোতাবেক এই ক্ষতিপূরণের অর্থ আদায়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামি পক্ষের আইনজীবী মহসীন সিকদার জানান, হত্যাকান্ডের কোন প্রত্যক্ষ সাক্ষী নেই। এছাড়া আসামী নুরনবীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে না পাঠিয়ে তিন দিনে স্বীকারোক্তি আদায়ের পরে আদালতে পাঠায়। এ মামলায় উচ্চ আদালতে আপীল করা হবে।

৩০ জুন ২০২৬

শিশুপুত্র হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদন্ড

শিশুপুত্র হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদন্ড

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে শিশুপুত্রকে হত্যার দায়ে মায়ের ১৩ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার(২৯ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান ওই রায় ঘোষণা করেন। দন্ডিত মা আয়না বেগম(২৪) মির্জাপুর উপজেলার শিবপুর চন্দনপাড়া গ্রামের মো. জহিরুল ইসলামের স্ত্রী এবং দেলদুয়ার উপজেলার লাউহাটী মধ্যপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম ওরফে রিপন জানান, আয়না বেগম সন্তান জন্মের পর তার বাবার বাড়ি লাউহাটী মধ্যপাড়া গ্রামে অবস্থান করছিলেন। বিগত ২০২০ সালের ৩০ আগস্ট সকাল ১১টার দিকে আয়না বেগমের স্বামী জহিরুল ইসলাম সংবাদ পান যে, তার ১৮ দিন বয়সের শিশুপুত্রকে পাওয়া যাচ্ছে না। এ খবর পাওয়ার পর তিনি তার শশুর বাড়ি লাউহাটী গ্রামে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে শশুর বাড়ির পাশে খালের পানিতে ছেলের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, ১৮ দিনের শিশু রায়হানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে জহিরুল ইসলাম বাদি হয়ে তার স্ত্রী আয়না বেগমের বিরুদ্ধে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, তদন্ত শেষে দেলদুয়ার থানার উপ-পরিদর্শক(এসআই) মনোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। বিগত ২০২০ সালের ১৫ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেওয়া হয়। রায় ঘোষণার পর আয়না বেগমকে কারাগারে পাঠানো হয়। তিনি আরো জানান, রায়ে দন্ডিত আয়না বেগমকে তার শিশুপুত্র রায়হানকে হত্যার দায়ে ১০ বছর এবং মরদেহ গুম করার অভিযোগে ৩ বছরসহ ১৩ বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

২৯ জুন ২০২৬

প্রতিবেশিকে হত্যার দায়ে বাবা-ছেলে সহ ৮ জনের যাবজ্জীবন

প্রতিবেশিকে হত্যার দায়ে বাবা-ছেলে সহ ৮ জনের যাবজ্জীবন

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে বাড়ির সীমানার বিরোধে প্রতিবেশি বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলে সহ একই পরিবারের ৭ জন এবং অপর এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন ওই রায় দেন। দণ্ডিত আসামিরা হচ্ছে, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন(৬৫) এবং তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আ. রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)। আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর(৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশি আসামিদের সাথে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে বিগত ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের কন্যা মর্জিনা আক্তার বাদি হয়ে ওইদিনই টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এসআই মো. রেহানুল ইসলাম একই বছরের ৩০ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচার শেষে এজাহার নামীয় আটজন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী ব্যতিত অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আসামিদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।

২৯ জুন ২০২৬

ভূঞাপুরে ওষুধের পাঁচ দোকানে জরিমানা

ভূঞাপুরে ওষুধের পাঁচ দোকানে জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের বাসস্ট্যাণ্ডে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পাঁচটি ফার্মেসীতে অভিযান চালিয়ে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ঔষধ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমন্বয়ে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়। টাঙ্গাইল ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, ওই অভিযানে পাঁচটি ফার্মেসীকে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লংঘনে পাঁচটি মামলায় ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ওষুধের বাজার ব্যবস্থপনা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২৩ জুন ২০২৬

রামিসা হত্যা : ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু

রামিসা হত্যা : ১ জুন সোহেল-স্বপ্নার বিচার শুরু

দৃষ্টি নিউজ: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে যৌন নিগ্রহের পর হত্যার ঘটনায় হওয়া মামলার বিচার শুরু হবে আগামি ১ জুন। রোববার (২৫ মে) বিকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন। অভিযোগ গঠন হলে সেদিনই তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। একইদিনে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে উক্ত অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ৪৭ পৃষ্ঠার চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৫ জনকে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি পরবর্তী বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে কারাগার থেকে আদালতে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। গত ১৯ মে সকালে রামিসা আক্তারের উপর যৌন নিগ্রহ চালানোর পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

২৪ মে ২০২৬

পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইলে লাঠি দিয়ে পিটিয়ে মাকে খুনের দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জহিরুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, নাগরপুরের বঙ্গ বকুটিয়া গ্রামের বাবুল মিয়ার দ্বিতীয় স্ত্রী নূরবানু (৪২) তিন ছেলেকে নিয়ে দুয়াজানী মধ্যপাড়া গ্রামে বসবাস করতেন। নূরবানুর প্রথম স্বামী আব্দুল মিয়ার মৃত্যুর পর তিন ছেলেসহ বাবুল মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিগত ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি সকালে মেঝ ছেলে জহিরুল ইসলাম নিজ বাড়িতে তার গর্ভধারিনী মা নূরবানুকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে খুন করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওইদিনই নূরবানুর দ্বিতীয় স্বামী বাবুল মিয়া নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করে। পরে হত্যার দায় স্বীকার করে জহিরুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গ্রেপ্তারের পর থেকে তিনি জেল-হাজতে রয়েছেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় নাগরপুর থানার এসআই (নিরস্ত্র) মনোয়ার হোসেন ২০২২ সালে ২৮ মে আদালতে চার্জশীট দাখিল করেন। রোববার জহিরুল ইসলামের উপস্থিতিতেই বিচারক রায় ঘোষণা করেন। পরে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

২৪ মে ২০২৬

টাঙ্গাইলে ভোক্তার অভিযানে কসমেটিকসের দোকানে জরিমানা

টাঙ্গাইলে ভোক্তার অভিযানে কসমেটিকসের দোকানে জরিমানা

দৃষ্টি রিপোর্ট: টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান কলেজ মার্কেটের দুটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৩ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, মার্কেটটির তুলি ও অন্তু বিউটি কনসেপ্ট নামে দুটি কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন প্রসাধনী বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে দোকান দুটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শহরের রাবনা বাইপাস এলাকায় অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপরিবহনের চালক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২৩ মে ২০২৬

টাঙ্গাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট: ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’ স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সাঈদ আহমেদ, উপজেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। কর্মশালায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

২৩ মে ২০২৬

এলেঙ্গায় অসুস্থ গরু জবাইয়ের চেষ্টার দায়ে জরিমানা

এলেঙ্গায় অসুস্থ গরু জবাইয়ের চেষ্টার দায়ে জরিমানা

এলেঙ্গা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে অসুস্থ ষাঁড় গরু জবাইয়ের প্রস্তুতির দায়ে চাঁন মিয়া (৬০) নামে এক মাংস বিক্রেতাসহ তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) সকালে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারে চাঁন মিয়া নামে এক মাংস বিক্রেতা অসুস্থ একটি ষাঁড় জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যাম আদালতের বিচারক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের তফসিলভুক্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে গরুটি সুস্থ না হওয়া পর্যন্ত জবাই না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাজারে অপরিকল্পিতভাবে পোল্ট্রি মুরগি রেখে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও দুর্গন্ধ ছড়ানোর দায়ে পোল্ট্রি ব্যবসায়ী হুমায়ুনকে ১০ হাজার টাকা; একই বাজারে মাংসের দোকানের পাশে পশুর চামড়া রেখে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে মাংস বিক্রেতা রজব আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করছে। এতে সাধারণ ক্রেতারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রশাসনের এমন অভিযানে বাজারে স্বস্তি ফিরেছে বলে জানান ক্রেতারা। এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা জানান, অসুস্থ পশু জবাই, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি কিংবা পরিবেশ দূষণের মতো অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কালিহাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ কালিহাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ মে ২০২৬

বাসাইলে কৃষক হত্যায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইলে কৃষক হত্যায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে কৃষক আনছের আলী হত্যা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের গ্রাম কলিয়াবাসীর উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এরআগে তারা উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে মিছিলটি নিয়ে বাসাইল জিরো পয়েন্টে সমবেত হয়। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, তার ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা মিনহাজ মিয়া, ছালমা আক্তার ও আলেয়া বেগম প্রমুখ। বক্তারা বলেন, অভিযুক্ত লেবু মেলেটারী কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করে। একজন সহজ-সরল মানুষকে এভাবে হত্যা করে তিনি চরম দৃষ্টতা দেখিয়েছেন। লেবু মেলেটারী একজন উচ্ছ্বৃঙ্খল লোক। সম্প্রতি লেবু মেলেটারী গ্রেপ্তার হয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় জামিনে মুক্ত হয়ে কৃষক পরিবারটির অঅরো ক্ষতি করতে পারে। বক্তারা লেবু মেলেটারীর ফাঁসি দাবি করেন। প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাসাইল উপজেলার কলিয়া গ্রামে কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলীকে হত্যা করেন লেবু মেলেটারী। মামলার পর লেবু মেলেটারী আত্মগোপনে চলে যান। পরে ১০ মে টাঙ্গাইলের র‌্যাব-১৪ টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে লেবু মেলেটারীকে গ্রেপ্তার করে। বাসাইল থানার অফিসার ইসচার্জ(ওসি) আলমগীর কবির জানান, মানববন্ধন শেষে নিহতের পরিবার থানায় এসেছিল। আসামি গ্রেপ্তার হয়েছে। তদন্ত শেষে মামলাটির চার্জশিট দ্রুতই আদালতে জমা দেওয়া হবে।

১৬ মে ২০২৬

নাগরপুরে অবৈধ ড্রেজার চালানোর দায়ে জেল-জরিমানা

নাগরপুরে অবৈধ ড্রেজার চালানোর দায়ে জেল-জরিমানা

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, নাগরপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক। জানা যায়, উপজেলার ভাদ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সজীব খান উপজেলার টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে। একই দিনে দপ্তিয়র এলাকায় অপর এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় লিটন নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত লিটন ভূগোলহাট গ্রামের মো. আমির হোসেনের ছেলে। এছাড়া জনস্বার্থ রক্ষায় নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়। অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।

০৬ মে ২০২৬

যমুনার তীর-চর কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড

যমুনার তীর-চর কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড

দৃষ্টি নিউজ: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর অবৈধভাবে কাটার দায়ে দিনভর অভিযান চালিয়ে একজনকে এক বছরের কারাদণ্ড, চারজনকে চার লাখ টাকা জরিমানা এবং ৮টি ব্যাকহো মেশিন(খনন যন্ত্র) ও ৩টি ড্রামট্রাক জব্দ করা হয়েছে। সোমবার(৪ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ওই অভিযান চালায়। অভিযানে বাঁধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মতিন নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে । অভিযান পরিচালনা করেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান। অভিযানের একটি সূত্র জনায়, সিরাজগঞ্জ ও ভূঞাপুর এলাকার সমন্বয়ে গঠিত একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র যমুনা নদীর চর ও বামতীর কেটে অবৈধভাবে মাটি বিক্রি করছিল। তারা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের নির্মাণাধীন ‘বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন প্রকল্পের(২য় সংশোধিত)’ আওতায় যমুনা রিভার ক্রসিং অংশে টাওয়ারে ষ্টীল টিউবুলার পাইল ফাউন্ডেশন কাজের নিমিত্তে ডেজিংকৃত ড্রেজডম্যাটারও অবাধে বিক্রি করছিল। এ বিষয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে। এর ফলে যমুনা রেল সেতু, যমুনা সেতু ও যমুনা সেতু রক্ষা গাইড বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থানীয় প্রশাসন ওই অভিযান চালায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিনভর অভিযান চালিয়ে ব্যাকহো মেশিন(খননযন্ত্র), ড্রামট্রাক জব্দ ও চারজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে বাঁধা দেওয়ায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যমুনা নদী দখল ও অবৈধ মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০৫ মে ২০২৬

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দৃষ্টি নিউজ: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) র‌্যালি ও আলেঅচনাসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। টাঙ্গাইলের জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে আদালত অঙ্গনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আবদুল মজিদ, ল্যান্ড সার্ভের আপিল ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মোশারফ হোসাইন, পারিবারিক আদালতের বিচারক বেগম ফাতেমা জাহান স্বর্ণা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা লিগাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম এবং আদালতের সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ । সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

২৮ এপ্রিল ২০২৬

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার

দৃষ্টি নিউজ: টাঙ্গাইলের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালানোকালে দেখা যায়, ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৮ এপ্রিল ২০২৬