কালিহাতী প্রতিনিধি:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বরা হয়েছে। সোমবার(৬ জুলাই) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও ঋণ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইদ আল সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, কালিহাতী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন।
এসময় ভিডিও চিত্রের মাধ্যমে সরকারের বিভিন্ন পল্লী উন্নয়নমূলক কর্মসূচি, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত প্রকল্প, নারীর ক্ষমতায়ন, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অগ্রদান শস্য উৎপাদন কর্মসূচির আওতায় রাজবাড়ী অগ্রদান শস্য দলের ২১ জন সদস্যের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। দলের সভানেত্রী মোছা. ফরিদা বেগম ও ম্যানেজার মোছা. শাহুনাহার বেগম ঋণের চেক গ্রহণ করেন।
এছাড়া উদ্যোক্তা ঋণ কর্মসূচির আওতায় বিভিন্ন ট্রেডে ২৯ জন সদস্যকে ১ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। মনোহরি ব্যবসা খাতে ১ লাখ টাকার ঋণ সহায়তার চেক গ্রহণ করেন উদ্যোক্তা মো. ইউসুফ আলী। আলোচনা সভায় বক্তারা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী অঞ্চলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস সহকারী সুমাইয়া খান সুমি।